ময়মনসিংহের গৌরীপুরে ভোটার হতে এসে মোহাম্মদ মাসুদ (১৯) নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। সোমবার (২৯ জুন) দুপুরে গৌরীপুর নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য আসার পর তাকে আটক করা হয়। মাসুদ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৮-ই ব্লকের বাসিন্দা।
নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা যায়, মাসুদ ভোটার হওয়ার জন্য জমা দেওয়া কাগজপত্রে তার নাম মোহাম্মদ মাসুদ হলেও বাবার নাম মোহাম্মদ জামাল উদ্দিন ও মায়ের নাম শান্তনা আক্তার উল্লেখ করা হয়। এছাড়া ঠিকানা দেওয়া হয়েছে সহনাটি ইউনিয়নের দৌলতাবাদ গ্রামে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফাওজুল কবীর খান জানান, মাসুদের কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। তিনি বাংলা বলতে পারলেও লিখতে পারছিলেন না। তার দেওয়া ঠিকানায় খোঁজ নিয়ে জানা যায়, ওই গ্রামে তার নামের কোনো ব্যক্তি নেই। মাদ্রাসার কর্তৃপক্ষও নিশ্চিত করে যে তাদের শিক্ষার্থী হিসেবে মোহাম্মদ মাসুদ কখনো ছিল না।
আটক মাসুদ জানান, তাকে ১ লাখ টাকা কন্ট্রাক্ট করে কদ্দুছ অথবা কবীর নামে একজন দালাল ভোটার আইডি কার্ড করার জন্য নিয়ে এসেছে। তিনি ১০ হাজার টাকা অগ্রিম দিয়েছেন। গৌরীপুরে আসার পর তাকে একটি হোটেলে রাখা হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, আইনানুগ প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।