লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব মোমছেদুল খান বুলবুলকে (৩৫) কে
( ১৯ ই জুন) রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)গ্রেপ্তার করেন,তার বিরুদ্ধে –
ডাকাতি, অপহরণ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লুটের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বুলবুল কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার রকিবুল খানের ছেলে। শুক্রবার র্যাব-১৩ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
আদালতের নথি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি রাতে চাপারহাট-ভুল্যারহাট সড়কের গুরুদয়াল চৌপথি মোড় এলাকায় অপহরণ ও ডাকাতির ঘটনাটি ঘটে। ওই রাতে মামলার বাদী রবিউল ইসলাম ও প্রধান সাক্ষী মিস্টার আলী মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বুলবুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রের মুখে তাদের পথরোধ করে।
পরে তাদের অপহরণ করে একটি মুরগির খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতনের পর বাদীর কাছ থেকে নগদ ৩ লাখ ৪ হাজার টাকা ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। এছাড়াও প্রাণনাশের হুমকি দিয়ে ভুক্তভোগীদের বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে ৮ লাখ ২৪ হাজার ১০৭ টাকা স্থানান্তর করে নেওয়ার অভিযোগ রয়েছে।
ঘটনার পর গত ৩ এপ্রিল মোমছেদুল খান বুলবুলকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগেই তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা (সিডিএমএস) অনুযায়ী, তার বিরুদ্ধে কালীগঞ্জ, হাতীবান্ধা ও সদর থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, “মোমছেদুল খান বুলবুলকে র্যাব-১৩ গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।