মোহাম্মদ আসাদ -স্টাফ রিপোর্টার :
ফুটবলকে ঘিরে সমর্থকদের আবেগ, উন্মাদনা ও মজার নানা ঘটনার মধ্যে এবার ব্যতিক্রমী এক কাণ্ড ঘটেছে জামালপুরের বকশীগঞ্জে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বাজি রক্ষা করতে মাথা ন্যাড়া করেছেন আর্জেন্টিনার এক সমর্থক।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামের বাসিন্দা ফয়সাল আহাম্মেদ জুমান (২৩) শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ঘোষণা দেন, হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন।
শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে হাইতিকে পরাজিত করে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফয়সাল মাথা ন্যাড়া করেন। এ সময় আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে তিনি এলাকায় ঘোরেন। ঘটনাটি দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষজন ভিড় করেন।
ফয়সাল আহাম্মেদ জুমান বলেন, “খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মজা করে এই বাজি ধরেছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।