June 19, 2026, 6:51 pm

জামিনে মুক্তির পর তৃতীয়বারের মতো জেলগেট থেকে আটক লালমনিরহাটের আ.লীগ নেতা সিরাজুল হক

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল হক খন্দকার জামিনে মুক্তি পাওয়ার পর তৃতীয়বারের মতো জেলগেট থেকেই আটক হয়েছেন। শুক্রবার সকালে লালমনিরহাট জেলা কারাগার থেকে মুক্তি লাভের পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে যায়।

জানা গেছে, ২০২৫ সালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিশেষ অভিযানে গ্রেফতার হওয়ার পর এক বছরেরও বেশি সময় কারাগারে ছিলেন সিরাজুল হক। পরবর্তীতে বিভিন্ন মামলায় পর্যায়ক্রমে জামিন লাভ করলেও প্রতিবারই নতুন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

গত ২৫ মে প্রথমবার জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে ২০২৩ সালে লালমনিরহাটে জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানো হয়।

এরপর দ্বিতীয়বার জামিনে মুক্তি পাওয়ার পরও জেলগেট থেকে তাকে আটক করা হয়। পরে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিদ মন্ডলের বাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ আজ ১৯ জুন, শুক্রবার সকালে তৃতীয়বারের মতো জামিনে মুক্তি লাভের পরও জেলগেট থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। তবে এবার কোন মামলায় তাকে আটক বা গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।
পরপর তিনবার জামিন লাভের পরও জেলগেট থেকে পুনরায় আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা