November 26, 2026, 12:15 pm

কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র এক শিক্ষার্থী

রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে একটি শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত দেখতে পান তিনি।

নাটোর এনএস কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহীতে আসেন শিক্ষামন্ত্রী। বিমানবন্দর থেকে সড়কপথে নাটোর যাওয়ার পথে মহাসড়কের পাশে অবস্থিত বিড়ালদহ কলেজে হঠাৎ পরিদর্শনে নামেন তিনি। এ সময় কলেজের নিচতলা থেকে চারতলা পর্যন্ত বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে দেখতে পেয়ে শিক্ষকদের কাছে অন্য শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চান মন্ত্রী। এক নারী শিক্ষক জানান, ওই শ্রেণিতে মোট ১৫ জন শিক্ষার্থী থাকলেও সেদিন উপস্থিত ছিল মাত্র একজন। অন্য শিক্ষার্থীরা কেন ক্লাসে আসেনি, জানতে চাইলে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

এ সময় আরেক শিক্ষক দাবি করেন, অন্য শিক্ষার্থীরা তখনো শ্রেণিকক্ষে প্রবেশ করেনি। নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষকেরা ক্লাসে উপস্থিত হয়েছেন বলেও জানান তিনি।

কলেজে ক্লাস শুরুর সময় জানতে চেয়েও স্পষ্ট জবাব পাননি শিক্ষামন্ত্রী। এক শিক্ষক জানান, বেলা সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। তবে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে থাকতে পারে। শিক্ষার্থীদের ক্লাসে আসার অনীহা রয়েছে এবং তাদের উপস্থিতি নিশ্চিত করতে ফোন করতে হয় বলেও জানান ওই শিক্ষক। এমন ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটিতে উচ্চমাধ্যমিক পর্যন্ত পাঠদান করা হয়। একাদশ শ্রেণিতে ৬৯ জন এবং দ্বাদশ শ্রেণিতে ১৬৮ জন শিক্ষার্থী রয়েছে। গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীর মধ্যে সেদিন মাত্র একজন উপস্থিত ছিল। তবে সব মিলিয়ে কলেজে ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে দাবি করেন তিনি।

অধ্যক্ষ আরও জানান, সকাল ১১টা ২০ মিনিটের দিকে কলেজে প্রবেশ করে প্রায় ২০ মিনিট অবস্থান করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি নিজেই চারতলা পর্যন্ত প্রতিটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। শিক্ষার্থীদের ক্লাসে আনতে শিক্ষকদের বিভিন্ন প্রচেষ্টার কথাও মন্ত্রীকে জানানো হয়েছে।

পরিদর্শন শেষে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতির বিষয়টি নজরদারিতে রাখতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক হুমায়ুন কবীরকে তাৎক্ষণিক নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা