November 25, 2026, 2:05 pm

ভারতীয় সীমান্ত সংলগ্ন আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা

নানকের নেতৃত্বে আ.লীগের প্রতিনিধি দলের আগরতলা সফরের খবরে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্ত পরিদর্শনে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে। এ খবরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ করেছে বিএনপি।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এর আগে দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আগরতলায় পৌঁছায়। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলে পাঁচ থেকে সাতজন জ্যেষ্ঠ নেতা রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতিনিধি দলের আগরতলায় যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিকেলে আখাউড়া উপজেলা সদর থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি আখাউড়া স্থলবন্দরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুলসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি উপজেলা সীমান্তবর্তী। তারা খবর পেয়েছেন, এই তিন উপজেলার যেকোনো একটি সীমান্তপথ দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বাধীন একটি দল নাশকতার উদ্দেশ্যে দেশে প্রবেশের চেষ্টা করতে পারে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা