বাল্টিক সাগরের পূর্বাঞ্চলে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে একটি রুশ হেলিকপ্টার। পরপর এ দুই ঘটনায় বাল্টিক সাগর অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শনিবার স্থানীয় সময় ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে সুয়ুরসারি দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় রুশ জাহাজটিতে আগুন শনাক্ত করে ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা পেতেরি ব্লমভাল বার্তা সংস্থা এএফপিকে জানান, ইউক্রেনের ড্রোন হামলার কারণেই জাহাজটিতে আগুন লাগে।
জাহাজটির নাম ‘স্পার্টা-২’। ওপেনস্যাংশনস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জাহাজটির ওপর ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। ধারণা করা হচ্ছে, জাহাজটিতে করে সিরিয়া থেকে রুশ অস্ত্র পরিবহন করা হচ্ছিল।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিনট্রাফিকের তথ্য বলছে, রাত ১১টার দিকে সেন্ট পিটার্সবার্গ বন্দর ছেড়ে রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের বাল্টিয়স্ক বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল স্পার্টা-২। পেতেরি ব্লমভাল জানান, জাহাজটির নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
এদিকে, ড্রোন হামলার খবর পাওয়ার পরপরই ন্যাটোকে বিষয়টি জানিয়েছে ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলের আকাশসীমা ও সমুদ্র এলাকায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এর কয়েক ঘণ্টা পর ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন জানান, রাশিয়ার একটি হেলিকপ্টার দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটির সঙ্গে ফিনল্যান্ড উপসাগরে ক্ষতিগ্রস্ত রুশ জাহাজকে ঘিরে উদ্ধার অভিযান কিংবা নজরদারি কার্যক্রমের সম্পর্ক থাকতে পারে।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রুশ হেলিকপ্টারটি দেশটির ভূখণ্ডের সর্বোচ্চ ৪ দশমিক ১ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিল।
এ পরিস্থিতিতে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অর্পো বলেন, ‘যুদ্ধ আমাদের একেবারে কাছাকাছি চলে আসছে। আগ্রাসী পক্ষের বিরুদ্ধে পাল্টা লড়াই করার অধিকার ইউক্রেনের আছে।’
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে বাল্টিক সাগর অঞ্চল সম্ভাব্য সংঘাতের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে রাশিয়া ‘হাইব্রিড যুদ্ধ’ চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো।
ফিনল্যান্ড, এস্তোনিয়া ও রাশিয়ার উপকূলঘেঁষে অবস্থিত ফিনল্যান্ড উপসাগর বাল্টিক সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত। রাশিয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এই পথ দিয়েই দেশটির গুরুত্বপূর্ণ বন্দরনগরী সেন্ট পিটার্সবার্গে যাতায়াত করা হয়।
রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় ২০২৩ সালে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড। এর মধ্য দিয়ে কয়েক দশকের সামরিক জোটনিরপেক্ষতার নীতি থেকে সরে আসে দেশটি।
এর আগে গত শুক্রবার পোল্যান্ড জানায়, রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডে আঘাত হেনেছে। ওই এলাকায় আগে থেকেই ইউরোপীয় সেনাদের সামরিক মহড়া চলছিল। ক্ষেপণাস্ত্র হামলাকে ‘ইচ্ছাকৃত উসকানি’ হিসেবে আখ্যায়িত করেছে পোল্যান্ড।