November 22, 2026, 9:26 am

ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকট। ছবি: সংগৃহীত

নেতানিয়াহুর লিকুদ পার্টিকে জোট সরকার গঠনের আলোচনায় ডাকলেন আইজেনকট

ইসরায়েলে নতুন জোট সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকট। এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টিকে আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন তিনি। শনিবার আইজেনকটের দল ইয়াশার পার্টি এ তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

ইয়াশার পার্টি জানিয়েছে, রবিবার থেকে জোট গঠনের আলোচনা শুরু হবে। দলটির মতে, এই উদ্যোগের মধ্য দিয়ে সম্ভাব্য সবচেয়ে বিস্তৃত সরকার গঠনের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।

সাবেক সেনাপ্রধান আইজেনকটের হাতে আগামী মাস পর্যন্ত সরকার গঠনের সময় রয়েছে। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো দল বা জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নেতানিয়াহুর বিকল্প সরকার গঠনের দায়িত্ব পান তিনি।

তবে নেতানিয়াহুবিরোধী শিবিরের মধ্যেই জোট গঠন নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। অতি-রক্ষণশীল দল ও আরব সংখ্যাগরিষ্ঠ তালিকার সঙ্গে জোট করা হবে, নাকি নেতানিয়াহুর শিবিরকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে, তা নিয়ে বিভক্তি রয়েছে।

এদিকে আইজেনকটের শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তার নেতৃত্বে ‘জায়নিস্ট ঐক্যের সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। তবে নেতানিয়াহু কিংবা তার জোটের সঙ্গে কোনোভাবেই যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার এক বিবৃতিতে বেনেট বলেন, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে ঠেকাতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তার দল কোনো পরিস্থিতিতেই নেতানিয়াহু বা তার জোটের সঙ্গে যোগ দেবে না।

অন্যদিকে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের সরকার প্রয়োজন বলে দাবি করে আসছেন নেতানিয়াহু। এ ধরনের সরকার গঠনে জোর প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছেন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা