October 26, 2026, 2:55 pm

ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাত দলের কবলে পড়ার অভিযোগ করেছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে এশিয়ান হাইওয়ের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পান তাঁরা।

রোববার (২৫ অক্টোবর) রাতে ঘটে যাওয়া এ ঘটনার বিবরণ দিয়ে ফেসবুক লাইভে কথা বলেন রফিকুল ইসলাম মাদানী।

তিনি জানান, বস্তল থেকে গাউসিয়াগামী সড়কে পাকুন্ডা এলাকায় পৌঁছালে তাঁদের গাড়ির গতিরোধের চেষ্টা করা হয়। এ সময় মহাসড়কের ওপর বড় বড় ইট-পাথর ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত গাড়িটি পেছনের দিকে সরিয়ে নেন। প্রায় ২০০ থেকে ৩০০ গজ পেছনে সরে যাওয়ায় তাঁরা নিরাপদ দূরত্বে চলে যেতে সক্ষম হন। এতে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয় বলে জানান মাদানী।

তাঁর অভিযোগ, এ সময় দুর্বৃত্তরা আশপাশের কয়েকজন যাত্রীর কাছ থেকে টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অন্ধকারের সুযোগে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রফিকুল ইসলাম মাদানী বলেন, ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া উদ্বেগজনক। একই সঙ্গে আলেম-ওলামাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মহান আল্লাহর রহমতে তাঁরা প্রাণে বেঁচে গেছেন বলেও উল্লেখ করেন এই ইসলামি বক্তা।

অন্যদিকে, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইমরান হাসান, সিনিয়র ক্রাইম রিপোর্টার:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা