October 23, 2026, 7:22 am

অবসরের পর এক বছর কিছুই করতে চান না নেইমার

পেশাদার ফুটবল থেকে অবসরের পরপরই নতুন কোনো পেশায় যুক্ত হতে চান না ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। বরং প্রথম এক বছর নিজের ইচ্ছেমতো জীবন কাটানোর পরিকল্পনা করেছেন সান্তোসের এই ফরোয়ার্ড। যখন ফুটবল খেলতে ইচ্ছা হবে, তখন মাঠে নামবেন। আর কিছু করতে মন না চাইলে বিশ্রামেই কাটবে সময়।

সম্প্রতি ব্রাজিলের অনুষ্ঠান ‘ভারান্দা গুরমে’-তে দেওয়া এক সাক্ষাৎকারে অবসর-পরবর্তী জীবন নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন নেইমার। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো।

অবসরের পর কী করবেন, এমন প্রশ্নের জবাবে নেইমার বলেন, প্রথম এক বছর কোনো নিয়মের মধ্যে থাকতে চান না তিনি। পেশাদার ফুটবলের অনুশীলন, ফিজিওথেরাপি কিংবা নির্দিষ্ট সময়সূচির বাধ্যবাধকতা ছাড়াই কাটাতে চান দিনগুলো।

হাস্যরসের সুরে নেইমার বলেন, ‘আমি যখন খেলা ছেড়ে দেব, তখন এক বছর কিছুই করব না। এমন হবে, আজ ফুটবল খেলতে ইচ্ছা করছে, তাই খেলতে যাব। আজ কিছুই করতে ইচ্ছা করছে না, তাই কিছুই করব না।’

মাঠে ফুটবল খেলতে ভালোবাসলেও টেলিভিশনে বসে ম্যাচ দেখতে খুব একটা আগ্রহী নন ৩৪ বছর বয়সী এই তারকা। প্যারিস ও বার্সেলোনায় থাকার সময় সতীর্থদের সঙ্গে কাটানো দিনের স্মৃতিচারণা করে তিনি জানান, ছুটির দিনে বন্ধুরা ঘণ্টার পর ঘণ্টা টেলিভিশনে ফুটবল দেখতেন। তবে দীর্ঘ সময় ধরে বসে খেলা দেখা তাঁর পছন্দ নয়। এমনকি প্রিয় বন্ধুদের খারাপ পারফরম্যান্স দেখলেও তাঁর মেজাজ খারাপ হয়ে যায়।

ব্যস্ত পেশাদার জীবনের মধ্যেও সন্তানদের জন্য সময় বের করার চেষ্টা করেন নেইমার। অনুশীলন ও ফিজিওথেরাপির ব্যস্ততার পরও সন্তানদের পছন্দের কাজগুলোতে অংশ নেন তিনি। বিশেষ করে মেয়ের সঙ্গে অ্যানিমেটেড সিনেমা দেখার অভ্যাস রয়েছে তাঁর। মেয়ের পছন্দের ‘শ্রেক’ ও ‘দ্য গ্রিঞ্চ’ সিনেমা দুটিও একসঙ্গে দেখেন তাঁরা।

নেইমার বলেন, ‘আমার জীবন খুব ব্যস্ত। ফিজিওথেরাপি করতে হয়, অনুশীলন থাকে। তারপরও সন্তানদের জন্য কিছু সময় আলাদা করে রাখি। ওরা যা পছন্দ করে, সেগুলো করার চেষ্টা করি।’

অবসর নিয়ে ভাবনা থাকলেও কবে পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন, তা এখনো নিশ্চিত করেননি নেইমার। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি জানিয়েছিলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরিবর্তে আপাতত বছর ধরে ধরে ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে চান।

সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। ফলে আরও খেলবেন, নাকি ক্যারিয়ারের ইতি টানবেন, সে সিদ্ধান্ত এখনো বাকি। তবে অবসরের পর অন্তত এক বছর নিজের মতো করে জীবন কাটানোর ইচ্ছার কথা স্পষ্ট করেছেন ব্রাজিলের এই তারকা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা