October 23, 2026, 7:19 am

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।।

রাহুলকে ‘ব্যর্থ পণ্য’ বললেন মোদি, কংগ্রেসকে ‘পরজীবী’ আখ্যা

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে ‘ব্যর্থ পণ্য’ আখ্যা দিয়ে কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অভিযোগ করেছেন, কংগ্রেস নিজেদের ব্যর্থতা আড়াল করতে ভারতের অর্জন ও অগ্রগতিকে প্রশ্নবিদ্ধ করছে। একই সঙ্গে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করারও অভিযোগ তোলেন তিনি।

নয়াদিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে প্রধান অতিথির বক্তব্যে মোদি বলেন, একটি পরিবারকে বারবার ব্যর্থতার গ্লানি থেকে বাঁচাতে গিয়ে কংগ্রেস দেশের অগ্রগতিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। রাহুল গান্ধীকে নেতৃত্বে প্রতিষ্ঠিত করার চেষ্টার সমালোচনা করে তিনি বলেন, শ্রীহরিকোটা থেকেও বছরে এতবার রকেট উৎক্ষেপণের চেষ্টা করা হয় না, যতবার কংগ্রেস তার এই নেতাকে সামনে আনার চেষ্টা করে।

কংগ্রেসকে ‘পরজীবী’ আখ্যা দিয়ে মোদি বলেন, দলটি অন্য কাউকে এগিয়ে যেতে দিতে চায় না। তাঁর অভিযোগ, কিছু উগ্র মানসিকতার মানুষ কংগ্রেসকে নিয়ন্ত্রণ করছে এবং সংসদে হইচই সৃষ্টি করে তরুণ ও মেধাবী বিরোধী সংসদ সদস্যদের পাশাপাশি সরকারের গঠনমূলক সমালোচকদের কণ্ঠও রুদ্ধ করছে।

বক্তব্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা বৈশ্বিক ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন মোদি। তিনি বলেন, বর্তমান বিশ্বে বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, প্রযুক্তি প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে এবং সামুদ্রিক পথগুলো ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে।

মোদি আরও বলেন, বৈশ্বিক সংস্থাগুলোকে আরও কার্যকর করতে এবং পরিবর্তিত বিশ্বব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা