October 14, 2026, 6:10 pm

চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় যানজট নিরসনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে সরেজমিনে মাঠে নামলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

বুধবার সকালে তিনি চাষাঢ়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট হেঁটে হেঁটে পরিদর্শন করেন এবং যানজটের কারণ চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। পরিদর্শনকালে উল্টো পথে চলাচলকারী যানবাহনকে ঘুরিয়ে দিয়ে এবং সড়কে বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন সরিয়ে দিয়ে তিনি নিজেই ট্রাফিক নিয়ন্ত্রণে নেতৃত্ব দেন। এ সময় তার সঙ্গে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, যানজট আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা চেষ্টা করছি পুরোপুরি যানজট নিরসনের। যানজট নিরসনেনারায়ণগঞ্জ জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ নারায়ণগঞ্জের ব্যবসায়িক সংগঠনগুলো ব্যাপক সহযোগিতা করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, শুধু পুলিশের একার পক্ষে পুরোপুরি যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়। চালক, যাত্রী ও পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে। উল্টো পথে চলা, যত্রতত্র গাড়ি পার্কিং ও ফুটপাত দখল বন্ধ হলেই চাষাঢ়াসহ পুরো শহরের যানজট অনেকাংশে কমে যাবে।

এসপি জানান, চাষাঢ়া, ২ নম্বর গেইট, খানপুর ও চাষাঢ়া-সাইনবোর্ড সড়কে পিক আওয়ারে অতিরিক্ত ট্রাফিক পুলিশ ও ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সরেজমিনে পুলিশ সুপারের উপস্থিতিতে যানজট দ্রুত কমে আসায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ পথচারী ও ব্যবসায়ীরা। তারা আশা প্রকাশ করেন, এই তদারকি নিয়মিত অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ শহর যানজটমুক্ত হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা