October 14, 2026, 8:24 am

নাজিরপুরে সার ব্যবসায়ীকে জরিমানা, কৃষি কর্মকর্তাকে পিটিয়ে আহত করার অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানার পর এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক সার ব্যবসায়ীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দীঘিরজান বাজারে এ ঘটনা ঘটে।

আহত কৃষি কর্মকর্তার নাম বিপুল কুমার মল্লিক (৪৬)। তিনি অভিযুক্ত সার ব্যবসায়ী মো. বাবুল মোল্লার (৫৫) বিরুদ্ধে নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাবুল মোল্লা দীর্ঘদিন ধরে দীঘিরজান বাজারে লাইসেন্স ছাড়াই সার বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে বাজারটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযানে দায়িত্ব পালন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক।

অভিযানে বাবুল মোল্লার দোকান ও গুদাম থেকে দুই বস্তা ইউরিয়া, সাড়ে তিন বস্তা ডিএপি, এক বস্তা এমওপি ও পাঁচ বস্তা টিএসপি সার পাওয়া যায়। অননুমোদিতভাবে সার বিক্রির দায়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়।

অভিযোগে বলা হয়, ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে কর্মকর্তারা চলে যাওয়ার পর বিপুল কুমার মল্লিক বাজারে কেনাকাটা করতে যান। এ সময় বাবুল মোল্লা তার পথরোধ করে অভিযানে সহযোগিতা করার অভিযোগ তুলে বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা বলেন, লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে জরিমানা ও সার জব্দের পর কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বাবুল মোল্লা এক উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব বলেন, বাবুল মোল্লার দোকান থেকে অবৈধভাবে মজুত করা সার জব্দ করে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে ওই ব্যবসায়ী এক কৃষি কর্মকর্তাকে মারধর করেছেন বলে তিনি শুনেছেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা