October 12, 2026, 11:22 pm

সৌদিগামী ৫১ ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে ৫ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ও স্থগিত থাকায় বাংলাদেশ থেকে দেশটিতে যাতায়াতকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। গত শনিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত সরাসরি ও ট্রানজিট রুটের মোট ৫১টি ফ্লাইটে এর প্রভাব পড়েছে। এতে ৫ হাজার ৪১৮ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ৫১টি ফ্লাইটের মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ১২টি এবং ট্রানজিট রুটের ৩৯টি ফ্লাইট রয়েছে। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি ও রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের তিনটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি ও ফ্লাইদুবাইয়ের পাঁচটি ফ্লাইট রয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোয় কার্যক্রমে বিধিনিষেধের কারণে সরাসরি ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের ট্রানজিট ফ্লাইটও বিঘ্নিত হচ্ছে। এতে যাত্রীদের ভ্রমণসূচি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী ফ্লাইটগুলো অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলার পর ফ্লাইট চলাচলে এ পরিস্থিতি তৈরি হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে বলেছে।

এদিকে রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সোমবার সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাতিল হওয়া ফ্লাইটের নম্বর বিএস ৩৮১ ও বিএস ৩৮২। নতুন সময়সূচি নির্ধারণ করা হলে যাত্রীদের জানানো হবে বলে জানিয়েছে এয়ারলাইনসটি।

এ অবস্থায় সৌদিগামী যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা। ফ্লাইটের সর্বশেষ অবস্থা, পুনরায় টিকিট বুকিং ও অন্যান্য তথ্য জানতে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্র বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা