বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১০ অক্টোবর) ঢাকায় প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, এসব তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।
বিবৃতিতে বলা হয়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
সেনাবাহিনী ও সেনাপ্রধান সম্পর্কে যেকোনো তথ্যের সত্যতা যাচাইয়ে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করার আহ্বান জানিয়েছে আইএসপিআর।