October 5, 2026, 7:01 pm

আফগানিস্তান টেস্টে শান্তকে পাওয়ার আশায় বাংলাদেশ

এশিয়ান গেমস শুরুর আগেই অসুস্থতার কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আগামী ৯ অক্টোবর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে পাওয়ার আশা করছে বাংলাদেশ।

গতকাল মিরপুরে দেখা গেছে শান্তকে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিকদের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। শান্ত না থাকায় প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে টেস্টে শান্তের খেলার সম্ভাবনা রয়েছে। ক্রিকবাজকে তিনি বলেন, ‘আমি আশাবাদী যে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সে খেলতে পারবে। এখনো তাকে বাদ দেওয়া হয়নি এবং তার সঙ্গে আমার কথা হয়েছে।’

শান্তর অসুস্থতা নিয়ে বাশার বলেন, জ্বরের কারণে শরীর দুর্বল হয়ে পড়েছিল তার। জাপানে থাকাকালে হোটেলেই অবস্থান করতে হয়েছে তাকে। বাইরে যেতে না পারায় খাবার নিয়েও সমস্যায় পড়তে হয়েছিল। তবে বর্তমানে শান্ত ভালো বোধ করছেন এবং সার্বিকভাবে ভালো অবস্থায় আছেন।

আগামী ৯ থেকে ১৩ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর সংযুক্ত আরব আমিরাতেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশের সঙ্গে থাকছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

১৭ অক্টোবর আবুধাবিতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৯ অক্টোবর একই ভেন্যুতে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৩ অক্টোবর শারজায় অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা