চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা সীমান্তে পদ্মা নদীতে যাত্রীবাহী একটি ডিঙি নৌকা ডুবে ১০ বাংলাদেশি ভারতীয় সীমান্তে ভেসে গেছেন। পরে তাদের নদীতে ভাসতে দেখে উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় বাংলাদেশ অংশ থেকে একজনকে উদ্ধার করা হলেও আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
তিনি জানান, নৌকাডুবির পর পদ্মা নদীর তীব্র স্রোতে ভেসে ১০ বাংলাদেশি ভারতের সীমান্তে প্রবেশ করেন। পরে ভারতের খান্দুয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করেন। তাদের রাতেই দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে চরবাগডাঙ্গার গোয়ালডুবি ঘাট থেকে একটি ছোট ডিঙি নৌকায় ১২ জন যাত্রী নারায়ণপুরের খলিফাচর এলাকার উদ্দেশ্যে রওনা হন। মাঝনদীতে পৌঁছানোর পর তীব্র স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে যাত্রীরা স্রোতে ভেসে যান। তাদের মধ্যে ১০ জন ভারতের সীমান্তে চলে গেলে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করেন।
স্থানীয় নৌকার মাঝি মো. কামাল বলেন, গোয়ালডুবি এলাকা থেকে নৌকাটি যাত্রী নিয়ে নারায়ণপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ নৌকাটি ডুবে গেলে তীব্র স্রোতের কারণে মুহূর্তের মধ্যেই যাত্রীরা ভেসে যেতে শুরু করেন।
গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জীবন চন্দ্র রায় বলেন, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একজনকে বাংলাদেশ অংশে উদ্ধার করা হয়েছে। আরেকজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।
রাত সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার হওয়া ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে।