September 12, 2026, 11:31 am

জানাজার প্রতীকী ছবি (ইনসেটে ওয়াহাব পাটোয়ারী)।

নিজের দাফনের খরচ জোগাতে ভিক্ষার টাকা জমাতেন ‘মপুর বাপ

ভোলা প্রতিনিধি: মৃত্যুর পর যেন টাকার অভাবে জানাজা ও দাফন-কাফন নিয়ে কোনো সমস্যা না হয়, সেই চিন্তায় ভিক্ষা করে পাওয়া টাকা থেকে অল্প অল্প করে সঞ্চয় করতেন সত্তরোর্ধ্ব ওয়াহাব পাটোয়ারী। নিজের কাছে টাকা না রেখে স্থানীয় এক সাবেক চেয়ারম্যানের কাছে আমানত হিসেবে জমা রাখতেন তিনি। শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্যি হলো। মৃত্যুর পর তার জমানো সেই টাকা দিয়েই কেনা হলো দাফনের কাপড়।

ভোলার মনপুরা উপজেলার এই বৃদ্ধ স্থানীয়দের কাছে ‘মপুর বাপ’ নামে পরিচিত ছিলেন। তিনি মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহাব পাটোয়ারী মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। সারাদিন বিভিন্ন বাজারে ঘুরে ভিক্ষা করতেন এবং যা পেতেন, তা পলিথিনে মুড়িয়ে পুঁটলি করে রাখতেন। নিজের কোনো স্থায়ী আশ্রয়ও ছিল না। কখনো পথে-ঘাটে, আবার কখনো বিভিন্ন স্থানে রাত কাটাতেন।

তবে ভিক্ষার টাকা নিজের কাছে না রেখে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের কাছে জমা রাখতেন তিনি। স্থানীয়দের ভাষ্য, নিজের জানাজা, দাফন-কাফন এবং মৃত্যুর পর কুলখানির খরচের জন্যই দীর্ঘদিন ধরে ওই টাকা জমিয়ে আসছিলেন তিনি।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের কবির বাজারে মেয়ের বাড়িতে মারা যান ওয়াহাব পাটোয়ারী। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের কাছে আমানত রাখা টাকার পুঁটলি বের করে গণনা করা হয়। সেখানে পাওয়া যায় ৮ হাজার ৯৮৫ টাকা।

ওই টাকা দিয়ে শুক্রবার জুমার নামাজের আগে তার দাফনের কাপড় কেনা হয়। পরে কলাতলী ইউনিয়নের মনির বাজার জামে মসজিদে জানাজা শেষে স্থানীয়রা তাকে দাফন করেন। দাফন-কাফনের অন্যান্য খরচে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারসহ স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি নিজেদের অর্থও দেন।

স্থানীয়রা জানান, জীবদ্দশায় ওয়াহাব পাটোয়ারী বারবার নিজের মৃত্যুর পর জানাজা-দাফনের বিষয়টি নিয়ে চিন্তার কথা বলতেন। টাকার অভাবে যেন তার শেষকৃত্য ব্যাহত না হয়, সে জন্যই ভিক্ষার সামান্য সামান্য আয় জমিয়ে রাখতেন তিনি।

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। একজন মানুষ নিজের দাফনের খরচের জন্য জীবদ্দশায় টাকা জমিয়ে গেছেন, যা সত্যিই কষ্টদায়ক।

তারা জানান, ওয়াহাব পাটোয়ারীর ইচ্ছা ও ওছিয়ত অনুযায়ী তার পরবর্তী আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা হবে। স্থানীয়দের উদ্যোগে তার কুলখানির আয়োজন করে মানুষকে খাওয়ানোর কথাও রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা