September 11, 2026, 5:29 pm

চট্টগ্রামে অনলাইন প্রতারণা চক্রের ৬৩ বিদেশি সদস্য গ্রেপ্তার,যা বলছে পুলিশ

চট্টগ্রাম নগরের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও খুলশী থানা-পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

শুক্রবার বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহম্মদ এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গ্রেপ্তার বিদেশিরা কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবনের ১৪টি ফ্ল্যাট প্রায় দেড় মাস ধরে ভাড়া নিয়ে গোপনে বসবাস করছিলেন। এসব ফ্ল্যাটকে কেন্দ্র করে তারা অনলাইন প্রতারণার একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ কাজে তাদের সহযোগিতা করতে দেশীয় একটি চক্রও সক্রিয় ছিল। ওই চক্রের সদস্যরা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে রয়েছেন বলে পুলিশ তথ্য পেয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে ডিজিটাল প্ল্যাটফর্ম ও বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আর্থিক জালিয়াতি, অবৈধভাবে অর্থ আত্মসাৎ এবং অনুমোদনবিহীন ই-ট্রানজেকশনের সঙ্গে তারা জড়িত ছিলেন বলেও পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ৬৩ বিদেশির মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন, নেপালের ১ জন এবং ভিয়েতনামের ১ জন নাগরিক রয়েছেন। পুলিশের দাবি, গ্রেপ্তার কারও কাছেই বৈধ পাসপোর্ট পাওয়া যায়নি।

অভিযানের সময় ওই ১৪টি ফ্ল্যাট থেকে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ও প্রযুক্তিগত সরঞ্জাম জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১৩৪টি মুঠোফোন, একটি অ্যাপল ট্যাব, ৫৭টি ল্যাপটপ, একটি সিপিইউ, একটি স্যামসাং মনিটর, একটি কিবোর্ড, একটি মাউস, একটি প্রিন্টার, পাঁচটি পেনড্রাইভ ও চারটি সিমকার্ড।

এ ছাড়া তিনটি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র এবং একটি কম্বোডিয়ান এমপ্লয়মেন্ট কার্ডও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বিদেশি নাগরিকদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা