September 11, 2026, 4:09 pm

মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। (ছবি: ভিডিও থেকে নেওয়া)

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিল

বরিশাল নগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা ব্যানার নিয়ে কয়েকজন মিছিলে অংশ নেন। এ সময় তাদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়। কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল।

ভিডিওতে ‘হৈ হৈ রৈ রৈ, বিএনপিরা গেলি কই’ এবং ‘ঘরে ঘরে বলে দে, শেখ হাসিনা আসতেছে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। মিছিলকারীরা সড়কে সংগঠিতভাবে অবস্থান নিয়ে কিছুক্ষণ স্লোগান দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। তাদের মিছিলের সঙ্গে সম্পৃক্ততা ও ভূমিকা যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মিছিলে ব্যবহৃত ব্যানারে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের ছবিও দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের নির্দেশে হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কার্যক্রম ও শৃঙ্খলা বিঘ্নকারী কর্মসূচির বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা