জাতীয় স্বার্থে সরকার সহযোগিতা চাইলে বিরোধী দল যেকোনো সময় পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলে সাংগঠনিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ শুধু সরকারের নয়, বিরোধী দলও দেশের প্রতি দায়িত্বহীন নয়। সরকার ও বিরোধী দল উভয়েরই দেশের প্রতি দায়িত্ব রয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে।
সম্প্রতি জ্বালানি ও বিদ্যুৎ খাতে সৃষ্ট সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ বিষয়ে তিনি সংসদের ৬৮ বিধিতে একটি নোটিশ দিয়েছিলেন। গত ৭ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। সেখানে সরকার ও বিরোধী দলের সদস্যরা নিজেদের বক্তব্য তুলে ধরেছেন।
জ্বালানি সংকট মোকাবিলায় দেশে ও বিদেশে দক্ষ কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কার্যকর টিম রয়েছে বলেও জানান জামায়াত আমির। তিনি বলেন, জাতীয় স্বার্থে এসব বিশেষজ্ঞকে সরকারের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী একটি টিম গঠন করে এ বিষয়ে প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন।
ছয় দফা জনদাবি আদায়ের আন্দোলন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, তারা দ্বিতীয়বারের মতো রাজপথে আন্দোলনে নেমেছেন। তবে এ আন্দোলনের নামে কোনো ধরনের ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা দেশের ক্ষতি করতে চান না। জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জনগণের জন্য আন্দোলন করে জনগণেরই ক্ষতি করতে চান না তারা। একপর্যায়ে সরকার জনগণের দাবিগুলো বিবেচনায় নিয়ে তা মেনে নিতে বাধ্য হবে।