রাজধানীর উত্তরা পশ্চিম থানার বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের একটি কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটের ওই হোটেলের নবম তলার ৯০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হোটেলের ওই কক্ষে লি শিংচিয়াংকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে উত্তরা পশ্চিম থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।