September 6, 2026, 7:27 am

দাগনভূঞায় স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৬

ফেনীর দাগনভূঞায় স্বামীকে জিম্মি করে তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ছয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে দাগনভূঞা থানায় অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা মো. মাসুদ ও তাঁর স্ত্রী সুলতানা রাজিয়া চট্টগ্রাম থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে দাগনভূঞা পৌর এলাকায় পৌঁছালে অটোরিকশাটির চার্জ শেষ হয়ে যায়। পরে তাঁরা ফাজিলের ঘাট রোডের ‘জুয়েলের গ্যারেজে’ অটোরিকশাটি চার্জে দেন।

অভিযোগ রয়েছে, এ সময় একদল স্থানীয় যুবক ওই দম্পতিকে ঘিরে ধরে হয়রানি করে। পরে তাঁদের জগতপুরের ফাতেমা মঞ্জিলের বিপরীতে ‘পরেশ স্টোরে’ নিয়ে যাওয়া হয়। সেখানে মাসুদকে বেঁধে রেখে তাঁর স্ত্রীকে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, একপর্যায়ে অভিযুক্তদের একজনের মুঠোফোনে কল আসলে সে ওই নারীর কাছ থেকে সরে যায়। এই সুযোগে তিনি দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।

পরে ভোররাত সাড়ে চারটার দিকে খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিম্মি অবস্থায় থাকা মাসুদকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শনিবার বিকেলে ভুক্তভোগী নারী নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। মামলা দায়েরের পর এসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জগতপুর ভূঞা বাড়ির মো. সিরাজের ছেলে মো. রাশেদ প্রকাশ রাজ (১৯), বেলাল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৪), কামাল উদ্দিনের ছেলে মো. শাহেদুল ইসলাম শাহিন (১৯), উত্তর করিমপুরের গোলাম মাওলা মাসুদের ছেলে মো. শাহরিয়ার নোমান (১৯), আমানউল্লাহপুরের জাবেদ উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (২১) এবং মো. হারুনের ছেলে শাহিন উদ্দিন মুন্না (২৯)।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা