চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে, তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হবে।
গত ২ জুলাই শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছে। এবারের পরীক্ষায় সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ৮ আগস্ট শেষ হয়েছে। তবে বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরে অনুষ্ঠিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এছাড়া, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।