হাইকোর্ট রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
গত বৃহস্পতিবার আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট করেন। সোমবার (১৭ আগস্ট) আদালত রিটের আদেশের জন্য দিন ধার্য করেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হলে সদস্যরা যদি দল থেকে পদত্যাগ করেন বা দলের বিপক্ষে ভোট দেন, তবে তাদের আসন শূন্য হবে। আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, এই অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকারকে ব্যাহত করে।