মোহাম্মদ আসাদ :
গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে শহরের বাইপাস এলাকায় এই অবরোধ কর্মসূচি শুরু হয়, যা দীর্ঘক্ষণ অব্যাহত থাকে।
জানা যায়, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পাওয়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে সিএনজি অটোরিকশা চালকরা এই অবরোধ কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে ঠিকমতো গাড়ি চালাতে না পারায় তাদের দৈনন্দিন আয় উল্লেখযোগ্য হারে কমে গেছে। উপায়ান্তর না দেখে বাধ্য হয়েই তারা রাস্তায় নামতে বাধ্য হন বলে জানা গেছে।
অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন ছোট যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। ভোগান্তি এড়াতে অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা যায়। কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।
এ বিষয়ে সিএনজি অটোরিকশা চালকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাত ১২টা থেকে লাইনে বসে আছি, এখনো গ্যাস পাই নাই। আমরা ভাড়া গাড়ি চালাই। গ্যাস না পেলে গাড়ি চালাব কীভাবে? তাই বাধ্য হয়ে সবাই মিলে রাস্তা অবরোধ করেছি।”