July 22, 2026, 6:02 pm

কিশোরগঞ্জের হাওরে নিখোঁজ কাউসার ইসলামের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের হাওরে নিখোঁজ কাউসার ইসলামের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের হাওরে বন্ধু ও সহকর্মীদের সঙ্গে ভ্রমণে এসে নিখোঁজ কাউসার ইসলাম (২৬) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া-শেরপুর হাওরের বগাডুবি সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি নিখোঁজ হন।

মৃত কাউসার ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার বড়িপাশা গ্রামের আবদুর রব শিকদারের ছেলে। তিনি বে কোম্পানির উত্তরা শোরুমে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। মৃতের বড় ভাই নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে কাউসারসহ ৫৬ সদস্যের একটি দল ঢাকা থেকে কিশোরগঞ্জের হাওর ভ্রমণে যান।

নজরুল ইসলাম বলেন, তারা গাড়িযোগে ইটনা উপজেলার চৌগাঙ্গা এলাকায় পৌঁছে নৌকায় বগাডুবি সেতু এলাকায় যান। দুপুর আড়াইটার দিকে সেতু-সংলগ্ন ডুবে থাকা সড়কে কয়েকজন গোসল করতে নামেন। এ সময় একজনকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে কাউসার পানিতে তলিয়ে যান। তিনি জানান, কাউসার সাঁতার জানতেন না।

কাউসারের সহকর্মী মিজানুর রহমান বলেন, গোসলের সময় তাদের আরেক সহকর্মী সাগর ইসলাম স্রোতে তলিয়ে যাচ্ছিলেন। তাকে উদ্ধারের জন্য কাউসারসহ কয়েকজন এগিয়ে যান। একপর্যায়ে উদ্ধারকারীরাও স্রোতে পড়ে যান। পরে সাগর ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া সম্ভব হলেও কাউসার নিখোঁজ হন।

বাদলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নঈমুল ইসলাম বলেন, খবর পেয়ে মঙ্গলবার পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় সেদিন অভিযান স্থগিত করা হয়। বুধবার সকালে পুনরায় অভিযান শুরু হলে দুপুর ১২টার দিকে কাউসারের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা