August 16, 2026, 8:56 am

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু তার জব্দ হওয়া বেতার যন্ত্রপাতি ফেরত পেয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা থেকে তার ছেলে আইনজীবী সাহেদুজ্জামান সিরাজ আনুষ্ঠানিকভাবে এসব মালামাল গ্রহণ করেন।

২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথ বাহিনী হেলালুজ্জামান লালুর বাড়িতে অভিযান চালিয়ে বেতার টাওয়ার, রিপিটার, বেস স্টেশন ও ছয়টি ওয়াকিটকি জব্দ করে। পরবর্তীতে ১৫ ফেব্রুয়ারি পুলিশ তার বিরুদ্ধে টেলিযোগাযোগ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। ২০১৫ সালের ২৯ মে উচ্চ আদালত তাকে মামলাটি থেকে অব্যাহতি দেয়।

মালামাল ফেরত পাওয়ার জন্য সাবেক এমপি লালুর পক্ষ থেকে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ-২ আদালতে আবেদন করা হয়। চলতি বছরের ১১ মে আদালত জব্দকৃত মালামাল জিম্মায় দেওয়ার আদেশ দেয়। আদালতের সেই আদেশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে মালামাল হস্তান্তর করা হয়।

অ্যাডভোকেট সাহেদুজ্জামান সিরাজ বলেন, তারা বিটিসিএল ও বিটিআরসির অনুমোদন নিয়ে যন্ত্রপাতি ব্যবহার করতেন, কিন্তু যৌথ বাহিনী বৈধ এসব সরঞ্জাম জব্দ করে। তিনি জানান, দীর্ঘদিন আদালতের মালখানায় পড়ে থাকায় যন্ত্রপাতিগুলো এখন অকেজো হয়ে গেছে এবং তারা ক্ষতিপূরণ চেয়ে আদালতে আবেদন করবেন।

এ ঘটনায় দুটি মামলা হয়েছিল। একটির মালামাল ফেরত দেওয়া হলেও অপর মামলার সরঞ্জামাদি ফেরতের আইনি প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা