স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩১ আগস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৯ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০০৮ সালের ৩১ জুলাই বা এর আগে জন্মগ্রহণকারীরা ভোটার হতে পারবেন।
খসড়া ভোটার তালিকা ৯ আগস্ট প্রকাশ করা হবে। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২৪ আগস্ট। সংশোধনকারী কর্তৃপক্ষের কাছে এসব আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২৭ আগস্ট এবং আপত্তি ও সংশোধনীর জন্য সিদ্ধান্ত নেওয়ার শেষ তারিখ ২৮ আগস্ট।
বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।
চিঠিতে আরও বলা হয়েছে, এই কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হবে। স্থানীয় সাংবাদিক ও কেব্ল অপারেটরদের মাধ্যমে প্রচারণার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা চূড়ান্ত করা হচ্ছে।