বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার নিবন্ধন কার্যক্রমের পরিধি সম্প্রসারণ করছে। নতুন করে ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুরে এই সেবা চালু করতে যাচ্ছে ইসি। চলতি বছরের ১৩ জুলাই থেকে ধাপে ধাপে কার্যক্রম শুরু হবে।
ইসির উপসচিব জি এম সাহাতাব উদ্দিনের সই করা সরকারি আদেশ অনুযায়ী, ১৩ জুলাই বাহরাইনে চার সদস্যের একটি কারিগরি দল পাঠানো হবে, যার নেতৃত্ব দেবেন মোহাম্মদ এনামুল হক। এই দল সেখানে সাত দিন অবস্থান করবে। পরে ১৫ জুলাই দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল বাহরাইনে যাবে।
ফ্রান্সে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে ২০ জুলাই চার সদস্যের একটি কারিগরি দল, যার নেতৃত্বে থাকবেন মোহাম্মদ হাবিবুর রহমান, সফরে যাবে। এরপর ২২ জুলাই দুই সদস্যের ব্যবস্থাপনা দল ফ্রান্সে পৌঁছাবে।
সিঙ্গাপুরের জন্য ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল পাঠানো হবে, এবং ২৯ জুলাই সেখানে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে।
সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, তিন দেশে ভোটার নিবন্ধন কার্যক্রমের জন্য গঠিত দলগুলোর সফর ও সংশ্লিষ্ট ব্যয় নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিয়া (ফেজ-২) প্রকল্প থেকে বহন করা হবে। বর্তমানে ইসি বিশ্বের ১৪টি দেশে ২৪টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের জন্য এই কার্যক্রম পরিচালনা করছে।