বিশ্বকাপে মিশরের বিতর্কিত বিদায়ের পর নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি মন্তব্য করেছেন, ‘মিশরের সাথে ডাকাতি করা হয়েছে।’ তার এই মন্তব্য বিশ্বকাপের বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৩-২ গোলে হারের পর মিশরের রেফারিং ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারের সমালোচনা শুরু হয়। মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) রেফারির সিদ্ধান্ত নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায়।
বুধবার ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ কর্মসূচিতে মেয়র মামদানি বলেন, ‘গতকাল মিশরকে ছিনতাই করা হয়েছে।’ তিনি দ্রুতগতির বাসসেবার সুফল তুলে ধরতে গিয়ে এই মন্তব্য করেন।
ম্যাচের ৫৮তম মিনিটে মিশর ১-০ গোলে এগিয়ে ছিল। মোস্তফা জিকোর গোল বাতিল হওয়ার পর আর্জেন্টিনা ম্যাচে ফিরে আসে এবং জয়লাভ করে।
ম্যাচ শেষে মিশরের খেলোয়াড় ও কোচ রেফারিংয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। মোস্তফা জিকো রেফারিংকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেন এবং কোচ হোসাম হাসান অভিযোগ করেন, ম্যাচটি ‘স্পষ্টভাবে সাজানো’ ছিল।
মিশর ফুটবল অ্যাসোসিয়েশন রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার দলের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে।