July 8, 2026, 7:03 pm

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বিরাজমান বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এই সতর্কসংকেত দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ১০টার বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তরপশ্চিম মধ্য প্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়েছে, ফলে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কাও করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা হলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা