ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
প্রশাসন ও চাকসু সূত্রে জানা যায়, টানা বৃষ্টির ফলে নগরের মুরাদপুর এলাকায় রেললাইনের ওপর প্রায় ১৬ ইঞ্চি পানি জমেছে। যদিও এর আগে রেললাইনের ওপর পড়ে থাকা গাছ সরিয়ে ফেলা হয়েছিল, কিন্তু অতিরিক্ত পানি থাকায় শাটল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
ড. কামরুল হোসেন বলেন, ‘এখন মূল সমস্যা হচ্ছে পানি। এ কারণেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। আজ শাটল চলার কোনো সম্ভাবনা দেখছি না। আগামীকাল পানি কমলে চলাচল শুরু হতে পারে।’
চাকসুর সহযোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান জানান, ‘গাছ পড়ে যাওয়া ও অতিরিক্ত পানির কারণে শাটল ট্রেন বন্ধ রয়েছে। গাছ সরানোর কাজ শেষ হয়েছে, তবে মুরাদপুর এলাকায় এখনও প্রায় ১৬ ইঞ্চি পানি রয়েছে।’
তিনি আরও বলেন, ‘রেলওয়ের নিয়ম অনুযায়ী পানি প্রায় ৪ ইঞ্চিতে নেমে না আসা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়। রাতের শাটল চলবে কি না, সে বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যাবে।’