ভারতের অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হওয়া লাখ লাখ রুপি নগদ অর্থের একটি অংশ পরিবারের সদস্য, বন্ধু এবং প্রেমিকার জন্য ব্যয় করার কথা স্বীকার করেছেন এক অভিযুক্ত। এই তথ্য জানিয়েছে ভারতীয় মিডিয়া এনডিটিভি।
অভিযুক্তের নাম অবিনাশ শুক্লা, যিনি চুরির ঘটনায় আটজন গণনাকর্মীর একজন। তিনি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে, চুরি হওয়া অর্থ দিয়ে প্রেমিকাকে একটি দামি আইফোন উপহার দেওয়া হয়েছে এবং ভাইয়ের বিয়ের জন্যও অর্থ ব্যয় করা হয়েছে।
সূত্র জানায়, অভিযুক্ত শুক্লা প্রায় ১৯ লাখ রুপি নিজের, পরিবারের সদস্য এবং বন্ধুদের জন্য ব্যয় করেছেন। এর মধ্যে তার এক ভাইয়ের বিয়ের জন্য প্রায় ৬ লাখ রুপি এবং অন্য ভাইকে পাঁচ থেকে ছয় লাখ রুপি দেওয়া হয়েছে।
পুলিশ চুরি হওয়া অর্থের গতিপথ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে। তদন্তকারীরা অর্থ লেনদেন, ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট সম্পদের বিস্তারিত তদন্ত করছেন, যাতে অভিযোগ গঠন করা যায়।