শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে তার শিক্ষাব্যবস্থার ভিত্তির ওপর।
সোমবার (৬ জুলাই) টাঙ্গাইলের সখীপুর উপজেলা হলরুমে আয়োজিত “প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার সার্বিক উন্নয়নে গুরুত্বারোপ করেছে এবং নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। সদ্য পাস হওয়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষা খাতে বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশে উন্নীত করা হয়েছে, যা গত অর্থবছরে ছিল ১ দশমিক ৩৯ শতাংশ।
তিনি বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন পরিবেশ ও শিক্ষার মান নিশ্চিত করতে হবে, যাতে অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। মন্ত্রী শিক্ষার মানোন্নয়নে শিক্ষকগণের দায়িত্বের ওপরও গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।