July 2, 2026, 7:03 pm

কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে ৪০০ জনের বেশি মৃত্যু

কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে ৪০০ জনের বেশি মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাবে আক্রান্ত হয়েছে, যেখানে এ পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইএনএসপি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করার পর থেকে ১,৪০৬ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার ৩১ শতাংশেরও বেশি।

উত্তর-পূর্বাঞ্চলের কিসাঙ্গানি শহরে প্রথম একজন ইবোলা রোগী শনাক্ত হয়েছে। ২৪ বছর বয়সী গর্ভবতী নারীর মরদেহের নমুনা পরীক্ষায় ইবোলা পজিটিভ এসেছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারীর মরদেহ গোপনে কিসাঙ্গানিতে নিয়ে আসা হয়েছিল।

ইবোলা ভাইরাসের বুন্দিবুগিও প্রজাতির কারণে এই প্রাদুর্ভাব সৃষ্টি হয়েছে এবং এর জন্য কোনও টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই। তবে কিছু প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল শিগগিরই শুরু হবে। ইতুরি প্রদেশে ৮৩ শতাংশেরও বেশি মৃত্যু ঘটেছে।

ইবোলা ভাইরাস মূলত আক্রান্ত ব্যক্তির রক্ত, লালা ও অন্যান্য শারীরিক তরলের মাধ্যমে ছড়ায়। এ পর্যন্ত ইবোলার ছয়টি প্রজাতি শনাক্ত হয়েছে, যার মধ্যে বুন্দিবুগিও প্রজাতি কঙ্গো এবং উগান্ডায় প্রাদুর্ভাবের জন্য দায়ী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, কঙ্গোতে সাম্প্রতিক প্রাদুর্ভাবে মৃত্যুহার ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পরিলক্ষিত হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা