নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে একটি চাকার দোকানের ভলকানাইজ ট্যাংক বিস্ফোরিত হয়। এ ঘটনায় রবিউল নামে এক হোটেল কর্মচারী আহত হয়েছেন।
বিস্ফোরণের ফলে ঘটনাস্থলের আশপাশে অন্তত তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় পাশের একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাসের সামনের দরজা খুলে উড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণটি ঘটলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের ফলে 'বিসমিল্লাহ হোটেলের' একটি সিমেন্টের খুঁটি ভেঙে যায় এবং রবিউল (২২) মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে আল-বারাকা হাসপাতালে ভর্তি করেন। আহত রবিউল কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।