May 3, 2026, 8:50 pm

মমতার পতন নাকি বিজেপির ইতিহাস

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আগামীকালেই নির্ধারণ হচ্ছে পশ্চিমবঙ্গ কার দখলে যাচ্ছে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের অধীনে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হয়। তবে কারচুপির অভিযোগে রাজ্যের ফালতায় পুনর্র্নিবাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

টেলিগ্রাফ ইন্ডিয়া অনলাইন জানিয়েছে, আগামী ২১ মে ফালতায় ভোটগ্রহণ হবে এবং ভোটগণনা হবে ২৪ মে। এর অর্থ, আগামীকাল পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে।

গত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। রাজ্যটিতে ক্ষমতায় আসতে বহু বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। গত কয়েক বারের নির্বাচনের মতো এবারেও প্রচারণায় বিজেপির শীর্ষ নেতারা হাজির হয়েছিলেন রাজ্যটিতে। অমিত শাহ থেকে শুরু করে দেশটির প্রধানমন্ত্রী মোদি পর্যন্ত এই রাজ্যে এসে প্রচারণা চালিয়েছেন।
টেলিগ্রাফ ইন্ডিয়া বলছে, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি জয়লাভ করলে দলটি ভারতে ইতিহাস গড়বে।
পশ্চিমবঙ্গ শুধু আরেকটি বড় রাজ্য নয়- এটি পূর্ব ভারতে বিজেপির আধিপত্যের বিরুদ্ধে টিকে থাকা একমাত্র উল্লেখযোগ্য রাজ্য। এবং এর বিশাল প্রতীকী তাৎপর্য রয়েছে। তাই এই রাজ্য এবার বিজেপির দখলে গেলে রাজ্যটির বর্তমান মুখ্যমন্ত্রী মমতার জাতীয় ফিগার তকমাও নড়বড়ে হবে।

৭১ বছর বয়সী মমতা দীর্ঘদিন ধরেই আঞ্চলিক বিরোধী দলের অন্যতম বিশ্বাসযোগ্য মুখ হিসেবে পরিচিত। তিনি লড়াকু, নির্বাচনীভাবে পরীক্ষিত এবং নিজের শর্ত ছাড়া কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটে মিশে যেতে নারাজ।
তাই নিজ রাজ্যে পরাজয় হলে রাজনৈতিকভাবে তিনি শেষ না হলেও বিজেপি-বিরোধী জোটের স্থপতির পরিবর্তে শুধুমাত্র একজন টিকে থাকা ব্যক্তিতে পরিণত হবেন।

ইতিমধ্যে দেশটির বেশিরভাগ বুথফেরত জরিপে বলা হয়েছে, এবার পশ্চিমবঙ্গ বিজেপির দখলে যাচ্ছে। দলটি এবার ১৯০টির বেশি আসন পেতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস জিততে পারে ১০০টি আসন।
তবে এসব সমীক্ষার ফল মানতে নারাজ মমতা। তিনি অভিযোগ করেছেন যে, বিজেপি টাকা দিয়ে সমীক্ষার ফল কিনেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা