June 29, 2026, 4:49 pm

অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :

জামালপুরে দীর্ঘদিনের অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শরিফপুর বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে।

অবরোধে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা সোহাগ বলেন, লাগাতার লোডশেডিংয়ের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে বিদ্যুতের সংযোগ খুলে নিয়ে যাওয়ার দাবি জানান তিনি।

স্থানীয় অটোরিকশাচালক সজল অভিযোগ করেন, আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকলেও তাদের এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না। বিদ্যুতের মূল্য বাড়লেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় জীবিকা নির্বাহে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।

আরেক বাসিন্দা হাকিম বলেন, বিদ্যুতের অভাবে অটোরিকশা চালানো, ব্যবসা পরিচালনা এমনকি রাতে স্বাভাবিকভাবে ঘুমানোও সম্ভব হচ্ছে না। বাধ্য হয়েই তারা সড়কে নেমেছেন বলে জানান তিনি।

স্থানীয়দের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে মাত্র দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, বাকি সময়জুড়েই থাকছে লোডশেডিং।

সড়ক অবরোধের কারণে ঢাকাগামী ও জামালপুরমুখী শত শত যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে। খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় বিজিবির কর্মকর্তাদের বহনকারী একটি গাড়িও অবরোধে আটকা পড়ে।

জামালপুর সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা