June 29, 2026, 2:59 pm

দর্শনায় বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির আন্দোলনের হুঁশিয়ারি

চুয়াডাঙ্গা জেলার দর্শনায় ভূতুড়ে বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বণ্টনে বৈষম্য ও ঘনঘন লোডশেডিংয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। সোমবার (২৯ জুন) দুপুরে দর্শনা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। ৭ দিনের মধ্যে সমস্যাগুলোর সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাহকদের অভিযোগ রয়েছে যে, মাসজুড়ে লোডশেডিং হলেও বিদ্যুৎ বিল এসেছে দ্বিগুণ। মিটারের প্রকৃত রিডিংয়ের চেয়ে বেশি ইউনিট দেখিয়ে অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে। অভিযোগ জানাতে ফোন করলে ফোনটি ব্যস্ত রাখা হয়।

দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মাহাবুবল আলম খোকন, জেলা শ্রমিক দলের সেক্রেটারি শফিকুল ইসলাম সাবু ও যুবদলের আহ্বায়ক মো. জালাল উদ্দিন লিটনসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। তারা জানান, দর্শনা-জীবননগর এলাকায় দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ১৯ মেগাওয়াট, কিন্তু সরবরাহ হচ্ছে মাত্র ১১ মেগাওয়াট। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

দর্শনা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এ জি এম মো. আমিনুল ইসলাম জানান, সমবণ্টনের সর্বোচ্চ চেষ্টা চলছে এবং বিষয়টি উচ্চপর্যায়ে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, আগামী দিনে বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতির উন্নতি হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা