April 21, 2026, 11:55 am

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি: ডিসি রায়হান কবির

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বিভিন্ন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, যা দেখে তিনি সন্তুষ্ট।

জেলা প্রশাসক বলেন, তিনি নারায়ণগঞ্জ কমর আলী উচ্চ বিদ্যালয়, আইটি স্কুল, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ বালক উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং অন্যান্য কেন্দ্রের খোঁজখবর নিয়েছেন।

তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, আসন বিন্যাস এবং সার্বিক পরিবেশ সন্তোষজনক। পুরো জেলা মনিটরিংয়ের আওতায় রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

ডিসি মোঃ রায়হান কবির বলেন, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অসদুপায়ের তথ্য পাওয়া যায়নি।

পরিদর্শনের সময় তিনি পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পর নীরবে পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন। পরীক্ষার্থীদের মনোযোগ যাতে নষ্ট না হয়, সেজন্য তিনি কারও সঙ্গে কথা বলেননি।

তিনি আরও জানান, পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। বিদ্যুৎ বিভাগকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, অভিভাবকরা নির্দেশনা মেনে কেন্দ্রের বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতায় একটি সুষ্ঠু পরীক্ষা পরিবেশ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রথম দিনের মতো বাকি পরীক্ষাগুলোও সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে হবে। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলী নুর খান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ,

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা