November 29, 2026, 5:14 pm

বিজয় দিবসে অস্থিতিশীলতার অপচেষ্টা ব্যর্থ করে দেবে জনগণ-ত্রাণমন্ত্রী

আসন্ন মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) সামনে রেখে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এই চক্রান্তকারীদের প্রকৃত দেশপ্রেম কতটুকু, তা বিচার করার ভার এখন দেশের সাধারণ মানুষের ওপর বলে তিনি উল্লেখ করেন।

​রোববার (২৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুদার বাঁশের তল এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। অতিদরিদ্র পরিবারের জন্য সরকারের বিশেষ উদ্যোগ ‘ঠিকানা’ প্রকল্পের আওতায় নির্মিত পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনীয় একটি বাসগৃহের আনুষ্ঠানিক উদ্বোধন ও হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুল হাবিব দুলু বলেন, বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় তিনি দেশে ফেরেননি; এখন বিচারের রায় ও কার্যক্রম শেষ হওয়ার পর তিনি ফেরার কথা বলছেন। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর থাকা বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁর দেশে ফেরার সুযোগ রয়েছে।

​দেশে ফেরার এই ইস্যুকে পুঁজি করে দেশের বিভিন্ন প্রান্তে নাশকতা ও অগ্নিসংযোগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ত্রাণমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, কোনো রাজনৈতিক দলের ব্যানারে এ ধরনের ধ্বংসাত্মক তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতের মতো আগামীতেও কেউ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে এ দেশের সচেতন জনগণ ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মন্ত্রী সরকারের আবাসন পরিকল্পনার ওপর আলোকপাত করে বলেন, দেশের ভূমিহীন, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ, টেকসই ও জলবায়ু সহিষ্ণু বাসস্থান গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ‘ঠিকানা’ প্রকল্পের ঘরগুলো গ্রামীণ জনপদের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বড় ভূমিকা রাখবে। দেশের সব গৃহহীন মানুষের আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।

লালমনিরহাট প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা