নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় জমি দখল ও বসতবাড়ি-বেকারি ভাঙচুরের ঘটনায় প্রায় এক কোটি টাকার চুক্তির (ডিল) চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই ঘটনায় মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের ঘনিষ্ঠ সহযোগীসহ মোট ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য। মামলায় ক্ষয়ক্ষতি ও লুট হওয়া সম্পদের পরিমাণ ১ কোটি ৫২ লাখ টাকার বেশি বলে উল্লেখ করা হয়েছে। এ মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও তিনি পরবর্তীতে জামিনে বেরিয়ে এসেছেন বলে জানা গেছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হীরাঝিলের ওই জমি দখল ও স্থাপনা উচ্ছেদের জন্য প্রায় এক কোটি টাকার একটি চুক্তি হয়েছিল। শুরুতে এই ভাঙচুরের দায়িত্ব দেওয়া হয় ৪ নম্বর ওয়ার্ডের মদুদি হারুনকে এবং তার সহযোগী হিসেবে থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী হীরার অনুসারীদের যুক্ত করা হয়। তবে প্রথম দফার সেই মিশনে তারা ব্যর্থ হন।
পরবর্তীতে ৪ নম্বর ওয়ার্ডের কবির, ইব্রাহিম ও মাহবুব হীরা কাজটির দায়িত্ব (কন্ট্রাক্ট) নেন। কিন্তু নিজেদের পক্ষে এই কাজ সম্পন্ন করা সম্ভব নয় বুঝতে পেরে তারা তাদের নেতা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের শরণাপন্ন হন। এরপর রাকিবুর রহমান সাগর তার ঘনিষ্ঠ সহযোগী কাদির, রবিন এবং রবির ছেলে প্রীতমকে সরাসরি এই ভাঙচুর ও উচ্ছেদ অভিযানের দায়িত্ব দেন।
গত সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকায় এ তাণ্ডব চালানো হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিরোধপূর্ণ জমিটির মালিকানা নিয়ে আদালতে দেওয়ানি মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে জমিটি বিক্রি করে চলে যাওয়ার জন্য তাঁদের হুমকি ও চাপ দেওয়া হচ্ছিল। এতে রাজি না হওয়ায় ঘটনার রাতে ভেকু (এক্সকাভেটর), ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে চার কক্ষবিশিষ্ট টিনশেড বসতবাড়িটি গুঁড়িয়ে দেয়।
মামলার এজাহার অনুযায়ী, হামলাকারীরা বাড়ি থেকে ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, স্মার্টফোন, আসবাবপত্র, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এবং জমির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। একই সময়ে বাদীর বড় ভাইয়ের বাড়িতে ভাঙচুর চালিয়ে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও মালামাল লুট করা হয়। পাশাপাশি ছোট ভাইয়ের বেকারিটিও ভেকু দিয়ে ভেঙে ফেলে সেখানকার প্রায় ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি ও মালামাল এবং ক্যাশবক্সে থাকা ৪৫ হাজার টাকা লুট করা হয়। হামলায় বাধা দিতে গেলে বাড়ির ভাড়াটিয়া ও বেকারির কর্মচারীদের মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
স্থানীয় ও রাজনৈতিক সূত্রগুলোর দাবি, মামলার এজাহারে সরাসরি নাম না থাকলেও পুরো ঘটনাটি রাকিবুর রহমান সাগরের নির্দেশ ও ছত্রছায়ায় তাঁর ঘনিষ্ঠ সহযোগীরাই ঘটিয়েছেন। সিদ্ধিরগঞ্জের শিল্পাঞ্চল ও আদমজী ইপিজেডকেন্দ্রিক ঝুট ব্যবসা, সরবরাহ ও ঠিকাদারি খাতে প্রভাব বিস্তার নিয়ে রাকিবুর রহমান সাগরের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপির একাধিক নেতার দাবি, ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে সাগর ও তাঁর ঘনিষ্ঠদের একক প্রভাব রয়েছে। এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও স্থানীয় প্রভাবশালী মহলের সঙ্গে তাঁর ব্যবসায়িক সখ্যের বিষয়টি রাজনৈতিক মহলে আলোচিত।
ঘটনার রাতে ৯৯৯-এ ফোন করে সহায়তা চাওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে ভাঙচুর ঠেকায়নি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। তবে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এবং নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু তার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশের উপস্থিতিতে ভাঙচুরের অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেন তাঁরা।
পুলিশ জানায়, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে তিনি বর্তমানে জামিনে রয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার নেপথ্যের মূল হোতাদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।