November 8, 2026, 3:59 pm

সিংড়া থানা (ইনসেটে অভিযুক্ত আসলাম সিকদার)। ছবি: সংগৃহীত

নাটোরে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিষপানে সেই গৃহবধূর মৃত্যু

নাটোরের সিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর বিষপান করা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২৫ বছর বয়সী ওই নারী।

নিহত গৃহবধূর নাম খাদিজা। তিনি সিংড়া উপজেলার চকসিংড়া মহল্লার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নিজ বাড়িতে শ্বশুর আসলাম সিকদারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে খাদিজা বিষপান করেন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

অভিযুক্ত আসলাম সিকদার চকসিংড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা