November 8, 2026, 4:07 pm

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটায় ছত্রভঙ্গ

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে কোনাবাড়ীর জরুনের দিকে আসেন। পথে তারা আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এসব কারখানায় তখন উৎপাদন কার্যক্রম চলছিল।

এ সময় স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার ভেতরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা শ্রমিকদের ধাওয়া দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে বেলা ৩টার দিকে একই দাবিতে মণ্ডল গ্রুপের বেশ কয়েকজন শ্রমিক জরুন মোড়ে জড়ো হন। এ সময় তারা ৬ থেকে ৭টি কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

পরে পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেন। এ ঘটনায় সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে ওই সাতটি কারখানা ছাড়া গাজীপুরের অন্য সব কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা