একদল লংমার্চ করে ডিসেম্বরে ‘ধাক্কা মেরে’ সরকার ফেলে দেওয়ার কথা বলছে, অন্যদিকে বিদেশে অবস্থানরত এক ‘পতিত স্বৈরাচার’ একই মাসে দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন। এ দুই বক্তব্যের মধ্যে যোগসূত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলের বক্তব্যের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা বলেন, আমাদের ধাক্কা মেরে ফেলে দেবেন, ক্ষমতাচ্যুত করবেন। আমরা জাতীয়তাবাদী দল জনগণের কল্যাণ, সুখ-শান্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। আগামী পাঁচ বছর পর আমরা আবার জনগণের মুখোমুখি হবো এবং আমাদের কাজের হিসাব দেব।’
তিনি আরও বলেন, ‘আপনারা বলেন তেল নেই। অথচ আপনারাই কয়েকশ গাড়ি নিয়ে রোড মার্চ করেন। তখন তেলের অভাব হয় না। আপনারা সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা বলেন।’
মো. শরীফুল আলম বলেন, ‘ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আমরা এই দুঃসাহস রাখি যে আগামী পাঁচ বছর পর আবার জনগণের মুখোমুখি হবো। আমরা কী কাজ করেছি, তার হিসাব দেব। ভালো কিছু করতে পারলে জনগণ আমাদের সমর্থন দেবে।’
সরকার পতনের হুমকি দেওয়া ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, ‘ভয় দেখিয়ে, ধাক্কা মেরে সরকারের পতন ঘটিয়ে দেবেন, এমন স্বপ্ন যারা দেখেন, তাদের হুঁশিয়ার করে দিতে চাই। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব।’