স্টাফ রিপোর্ট :
শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের এক দিন পর কালু মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বন্ধু বাদশা মিয়া (২০)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় আবুল কাশেমের মাছের প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কালু মিয়া ওই এলাকার মন্টু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে কালু মিয়া ও তার বন্ধু বাদশা মিয়া বাড়ি থেকে বের হন। পরে বাদশা বাড়িতে ফিরে এলেও কালু আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরদিন সকালে স্থানীয়রা মাছের প্রজেক্টে কালু মিয়ার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে তার বন্ধু বাদশা মিয়াকে আটক করা হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, সকালে মাছের প্রজেক্ট থেকে কালু মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাদশা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।