জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং রাজধানীসহ শহরাঞ্চলের বাসে ১৮ পয়সা ভাড়া বাড়তে পারে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে বাসভাড়া সমন্বয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব করা হয়। বৈঠকে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
বিআরটিএ সূত্র জানিয়েছে, ভাড়া সমন্বয়ের প্রস্তাবটি ইতোমধ্যে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন ভাড়া কতটা বাড়বে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। পরে প্রজ্ঞাপনের মাধ্যমে তা কার্যকর করা হবে।
সূত্র অনুযায়ী, সাধারণ হিসাবে ডিজেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া প্রতি কিলোমিটারে প্রায় ১ পয়সা বাড়ানোর হিসাব করা হয়। সম্প্রতি ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করেছে সরকার। এর ভিত্তিতেই দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং শহরাঞ্চলের বাসে ১৮ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
এবার ভাড়া নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য ব্যয়ের পরিবর্তে শুধু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ সূত্র।
পরিবহন মালিকদের পক্ষ থেকে দ্রুত নতুন ভাড়ার প্রজ্ঞাপন জারির অনুরোধ জানানো হয়েছে। তাদের আশঙ্কা, ভাড়া নির্ধারণে বিলম্ব হলে জ্বালানির বাড়তি খরচ সামাল দিতে মালিক-শ্রমিকেরা নিজেদের মতো করে ভাড়া বাড়িয়ে দিতে পারেন।
বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা।
তবে এসি বাস, মালবাহী যানবাহনসহ কিছু পরিবহনের ভাড়া সরকার নির্ধারণ করে না। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকেরা নিজেদের মধ্যে ভাড়া নির্ধারণ করেন।
বিআরটিএর প্রস্তাব করা ১৮ ও ২০ পয়সা বৃদ্ধির হার চূড়ান্ত সিদ্ধান্তের সময় কিছুটা কমতে পারে বলেও সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। শেষ পর্যন্ত সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রজ্ঞাপনে নতুন ভাড়া নির্ধারণ করা হবে।