September 21, 2026, 10:56 am

শীতলক্ষ্যা নদীতে মাথাবিহীন পচাগলা মরদেহ, উদ্ধার তৎপরতায় নৌ পুলিশ

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মাথাবিহীন ও পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে নৌ পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ৫ নম্বর ওয়ার্ডের আম্বর পেপার মিলসংলগ্ন নদীর তীরে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নদীর তীরে বিকৃত অবস্থায় মরদেহটি ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে উদ্ধারকাজে গিয়ে পুলিশ দেখতে পায়, মরদেহটির পরনে ছিল কালো রঙের হাফপ্যান্ট। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শরীরের বিভিন্ন অংশ পচে সাদাটে হয়ে গেছে। মরদেহটির মাথা পাওয়া যায়নি।

এদিকে খবর দেওয়ার পর পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের অভিযোগ, দ্রুত পুলিশি তৎপরতা শুরু হলে মরদেহ উদ্ধারের কাজ আরও আগে করা সম্ভব হতো।

কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম খান জানান, মরদেহের খবর পাওয়ার পরপরই নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। বর্তমানে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা