সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া ও আগুনের দৃশ্য দেখা যাওয়ার পর বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিলম্বিত হয়েছে আরও বহু ফ্লাইট।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের ফ্লাইট পরিচালনাগত সমস্যা দেখা দিয়েছে। তাদের ডিসরাপশন ইনডেক্সে বিমানবন্দরটির স্কোর ৫.০ দেখানো হয়েছে, যা ফ্লাইট বাতিল ও বিলম্বের উচ্চমাত্রার ইঙ্গিত দেয়।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, বিমানবন্দরের আশপাশে কালো ধোঁয়ার কুণ্ডলী ও আগুন দেখা গেছে। এএফপিকে এক স্থানীয় বাসিন্দা বলেন, বিমানবন্দরের দিকে কালো ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে।
এর আগে সৌদি আরবের পক্ষ থেকে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল। এর পরপরই রিয়াদ বিমানবন্দরের আশপাশে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে গত দুই সপ্তাহ ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত চলমান রয়েছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই দেশটির অন্যতম ব্যস্ত বিমানবন্দরে ধোঁয়া ও আগুনের ঘটনা বিমান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলেছে।